যৌতুকলোভী স্বামীর দেওয়া আগুনে গাজীপুরে ঝলসে গেছে গৃহবধূর হাত-পা। এ ঘটনায় মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। সম্প্রতি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরনল গ্রামে এ ঘটনা ঘটে। এ দিকে, মামলার পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় আতংকে আছে বাদীর পরিবার। নির্যাতিতা নারী জান্নাতুল ফেরদৌস জেমি উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. জাকির হোসেনর মেয়ে।
মামলায় অভিযুক্তরা হলো, নির্যাতিতা নারীর স্বামী মো. মেহেদী হাসান পলাশ, শাশুরী মোছা.তাছলিমা, ভাসুর মো.রাজু মিয়া, জ্যা মোছা.শাবনুর, ননদ মোছা. রিতা। অভিযুক্তরা উপজেলার বরনল গ্রামের প্রয়াত আ.হামিদ সরকারের স্ত্রী, ছেলে ও মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক ছিল পলাশের সাথে জেমির। তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। কিছুদিন যাবৎ পলাশ যৌতুকের জন্য জেমিকে নির্যাতন শুরু করে। একপর্যায়ে মেয়ের বাবা পলাশকে ব্যবসা করতে দুই লাখ টাকা দেয়। ওই টাকা পলাশ শেষ করে ফেলে।
সম্প্রতি পলাশ ও তার পরিবারের লোকজন মিলে তিন লাখ টাকা যৌতুক এনে দিতে জেমিকে শারিরীক ও মানুষিক নির্যাতন শুরু করে। কথায় কথায় মারধর করে অভিযুক্তরা। জেমির মা শিরিনা আক্তার স্থানীয় ইউপির চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।
একপর্যায়ে গত ২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পলাশ তার মা, ভাই, বোনদের নিয়ে জেমিকে তিনলাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেয়। এ সময় পলাশ অন্যদের সাথে নিয়ে জেমিকে এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে দিয়াশলাই দিয়ে জেমিকে পুরিয়ে হত্যা করতে পরনের জামা কাপড়ে আগুন ধরিয়ে দেয়। জেমি দৌড়ে বাথরুমে গিয়ে আগুন নেভায়। আগুনে তার ডান পা এবং বাম হাত মারাত্নক ভাবে ঝলসে যায়।
খবর পেয়ে জেমির মা রাতেই পলাশদের বাড়ি যায়। অগ্নিদগ্ধ জেমিকে নিয়ে হাসপাতালে যেতে চায়। পলাশ ও তার বাড়ির লোকজন জেমি ও তার মাকে অবরুদ্ধ করে রাখে। দুই তিন ঘন্টা অবরুদ্ধ থাকার পর জেমির মা কৌশলে জাতিয় জরুরি পরিসেবার নম্বর ৯৯৯ এ ফোন করে ঘটনা জানায়।
৯৯৯ এ ফোন পেয়ে রাত বারটার দিকে শ্রীপুর থানা পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে । রাতেই জেমিকে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় জেমি বাদী হয়ে শ্রীপুর থানায় স্বামী পলাশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে।
জেমির মা শিরিনা আক্তার অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকেই পলাশের লোকজন মামলা না করতে হুমকি দেয়। মামলা করার পর থেকে পলাশ স্থানীয় প্রভাবশালীদের দিয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। হুমকি দিচ্ছে মামলা না তুললে জেমিকে আপহরণ করে খুন করে ফেলবে। ঘটনার দশদিন পরও কোন আসামি গ্রেফতার হয়নি। আসামি পক্ষের হুমকির মুখে মেয়েকে নিয়ে চরম উৎকন্ঠায় আছেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মামুনুর রশিদ জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।